হজের নিবন্ধনের সময় বাড়লো ২১ মার্চ পর্যন্ত
তিন দফায় সময় বাড়িয়েও হজযাত্রী নিবন্ধনের কোটা পূরণ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হওয়ার পর কোটা ফাঁকা রয়েছে ২৫ হাজার ৪৮০ জনের। হজ অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার শেষ সময় পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৫৬২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৫৬৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন নিবন্ধন করেছেন। কোটা ফাঁকা থাকায় আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।
এ বিষয়ে মন্ত্রনালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে কমানোর জন্য বৃহস্পতিবার ধর্ম মন্ত্রনালয় থেকে বিমান সচিবকে চিঠি দেয়া হয়েছে।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। তবে সরকারি ও বেসরকারি কোন ব্যবস্থাপনার জন্যই কোটা পুরণ হয়নি।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরসঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ। চলতি বছরের হজের জন্য গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় সময় আরও পাঁচ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে তখন অর্ধেক হজযাত্রীও নিবন্ধিত না হওয়ায় তৃতীয় দফায় সময় বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত করা হয়।








